১০ মে ২০১২ - ১৯:৩০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি সমকামী বিয়ের তীব্র বিরোধিতা করেছেন।

বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি সমকামী বিয়ের তীব্র বিরোধিতা করেছেন। সমকামী বিয়ের প্রতি প্রেসিডেন্ট ওবামা সমর্থন ব্যক্ত করার পর আসন্ন নির্বাচনে তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বি মিট রমনি তার অবস্থান ঘোষণা করলেন।

এর আগে এবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাতকারে ওবামা সমকামী বিয়ের প্রতি তার সমর্থনের কথা জানান। তিনি আরো বলেন,"আমি ব্যক্তিগতভাবে মনে করি এ ধরনের বিয়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায় এবং একই লিঙ্গের লোকজনের মধ্যে বিয়ে হওয়া উচিত।" হোয়াইট হাউজের পক্ষ থেকে এ সাক্ষাতকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে, অন্য এক সাক্ষাতকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সমকামী বিয়ের পক্ষে বক্তব্য রেখেছিলেন। বাইডেনের ওই বক্তব্যের পর দেশটির জনগণ এ ইস্যুতে ওবামার অবস্থান জানার অপেক্ষায় ছিল।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্য- নিউ হ্যাম্পশায়ার, ভারমোন্ট, ম্যাসাচুসেট্স, কানেক্টিকাট , আইওয়া, নিউইয়র্ক ও ওয়াশিংটনে সমকামী বিয়ে বৈধতা দেয়া হয়েছে। তবে উত্তর ক্যারোলিনার জনগণ সমকামী বিয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এক জনমত জরিপে দেখা গেছে এই অঙ্গরাজ্যের ৫৮ ভাগ মানুষ চায় সংবিধান সংশোধন করে সমকামী বিয়ে অবৈধ ঘোষণা করা হোক। #

(সূত্র : রেডিও তেহরান)